রাঙামাটিতে দুর্বৃত্তদের কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি
- আপডেট সময় : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি
সম্প্রতি রাঙামাটি শহরের আসামবস্তিস্থ ব্রাক্ষণটিলায় দুর্বৃত্তদের হানায় ক্ষতিগ্রস্ত পেঁপে বাগানটি পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।বুধবার সকালে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত বাগান মালিকের সাথে কথা বলেন এবং সান্ত্বনা দেন।পরিদর্শন শেষে দীপেন দেওয়ান এমপি বলেন, পেঁপে বাগান কেটে দেওয়ার ঘটনায় বাগান মালিকের অপূরণীয় ক্ষতি হয়েছে। আর যারা এই কাজটি করেছে তারা দুষ্কৃতকারীদের তালিকায় পড়ে। ক্ষতিগ্রস্ত কৃষকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি।এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন, বাগান মালিক ও জমির মালিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাপানির নোয়াদাম ব্রাক্ষনটিলা এলাকায় পরিকল্পিতভাবে রাতে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে দেয়।





















