জলঢাকায় রিমান্ডে থাকা চোরের তথ্যে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০২:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে এক বিশাল সাফল্য অর্জন করেছে স্থানীয় থানা পুলিশ। রিমান্ডে থাকা কুখ্যাত মোটরসাইকেল চোর শাহীনের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দোকান থেকেই উদ্ধার করা হয়েছে ৩২টি চোরাই মোটরসাইকেল।পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় মোটরসাইকেল চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় তৎপরতা বৃদ্ধি করে জলঢাকা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় পুলিশি হেফাজতে রিমান্ডে থাকা কুখ্যাত চোর শাহীনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শাহীন তার অপরাধের কথা স্বীকার করে এবং চোরাই মোটরসাইকেল লুকিয়ে রাখার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।শাহীনের দেওয়া তথ্যের ভিত্তিতে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলমের নেতৃত্বে পুলিশ একটি বিশেষ অভিযান দল গঠন করে। অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর (এসআই) আবু বক্কর সিদ্দিক, এসআই সুশান্ত, এসআই মিজানুর রহমানসহ থানার অন্যান্য অফিসার ও চৌকস ফোর্স।পুলিশের এই যৌথ দল জলঢাকা উপজেলার আসামি আব্বাস আলীর দোকানে আকস্মিক অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে দোকানটি থেকে একে একে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, “এটি মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে আমাদের একটি বড় ও সফল অভিযান। রিমান্ডে থাকা আসামির দেওয়া তথ্যে আমরা এই বিপুল পরিমাণ চোরাই গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই চক্রের সাথে জড়িত অন্য অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”





















