বাগেরহাটে চোরাই ইজিবাইক ও শ্যালোমেশিনসহ চোরাকারবারি চক্রের চার সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট
বাগেরহাটে ইজিবাইক ও শ্যালোমেশিন চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালযে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মোঃ ফারুক হাওলাদার (২৮), একই এলাকার ইউনস শিকদারের ছেলে শাহ আলম (২৯), ফতেপুর গ্রামের নয়ন সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (২১) ও খারদ্বার এলাকার মৃত আঃ গনির ছেলে আঃ হালিম (৪৫)।বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, রোববার দিবাগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকা থেকে চোর সিন্ডিকেটের সদস্য ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ইজিবাইক চোর সিন্ডিকেটের একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা ও বাগেরহাট সদর মডেল থানা’র চৌকস টিমের যৌথ অভিযান পরিচালনায় বাগেরহাট জেলার বিভিন্ন স্থান থেকে চক্রের অন্যান্য ০৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ ফারুক হাওলাদারের বিরুদ্ধে অপহরণ, খুন, মাদকসহ ৫টি মামলা এবং শাহ আলমের বিরুদ্ধে দুটি চুরির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।


















