প্রবল বৃষ্টিতে ভিজে শোলাকিয়ায় মুসল্লিদের ঈদের নামাজ আদায়
- আপডেট সময় : ০১:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

খায়ের আহম্মদ খন্দকার লিমন,স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ-উল- আযহার ১৯৯ তম জামাত অনুষ্ঠিত হয়েছে।সকাল ৯টায় প্রবল বৃষ্টিতে ভিজে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মো. সাইফুল্লাহ। কিশোরগঞ্জ -১ আসনের এমপি মোঃ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ৫ আসনের এমপি শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা এ মাঠে নামাজ আদায় করেন।দূরের মুসল্লিদের জন্য সকাল ৬টায় ভৈরব থেকে ও সকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ থেকে দুটি স্পেশাল ট্রেন শোলাকিয়া আসে।এদিকে ঈদের জামাতকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। চার স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। মাঠের প্রতিটি প্রবেশ পথে মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির পর আর্চ ওয়ের ভেতর দিয়ে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে দেয়া হয়। ৬৪টি ক্যামেরা, ৭টি ড্রোন ও ৭টি লাইভ ক্যামেরায় মনিটর করা হয় মাঠের ভেতর ও চারপাশ। ঈদগাহের চারপাশে ৪টি ওয়াচ টাওয়ার বসানো হয়।জনশ্রুতি রয়েছে, ১৮২৮ সালে ইয়েমেন থেকে আগত হযরত শাহ সৈয়দ সফি আহমেদ (রহ.) এই মাঠে প্রথম ঈদ জামাত পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে সোয়া লাখ মুসল্লি অংশ নিলে স্থানটি পরিচিতি পায় ‘সোয়ালাখিয়া’ নামে, যা সময়ের পরিক্রমায় হয়ে যায় ‘শোলাকিয়া’।










