পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে নিহত -৩
- আপডেট সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

খায়ের আহম্মদ খন্দকার লিমন,স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (৬ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে নরসিংদির শিবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ভ্যানও দুর্ঘটনার কবলে পড়ে।দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুন্দাইল গ্রামের বিল্লাল (৩৫), একই উপজেলার খুরশিদ (৬০) এবং গরুভর্তি পিকআপের চালক খোকন (৩৯)।এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সংঘর্ষে পিকআপে থাকা ৬টি গরুও মারা যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে অংশ নেন। পরে খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি দল ও পাকুন্দিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর জান চলাচল স্বাভাবিক হয়।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাস ও গরুবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


























