রামপালে সরকারি ওষুধ অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাকে নিয়ে তোলপাড়
- আপডেট সময় : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) সুভাষ চন্দ্র পালের বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের ওষুধ অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুলাই ২০২৬, বুধবার, দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার এক হাঁস খামারি তাঁর হাঁসের বাচ্চার চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত কর্মকর্তা সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় প্রায় দ্বিগুণ দামে ওষুধ বিক্রি করেন বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগকারীদের দাবি, ঘটনাটি টের পেয়ে উপস্থিত ব্যক্তিরা কর্মকর্তার কাছে অতিরিক্ত মূল্য নেওয়ার কারণ জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি দাবি করেন, লোকজনের ভিড়ে ভুলবশত বেশি টাকা নেওয়া হয়েছে। তবে অভিযোগকারীদের ভাষ্য, ঘটনার ভিডিওতে সেখানে মাত্র তিনজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যা তাঁর বক্তব্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।স্থানীয় একাধিক খামারি ও বাসিন্দার অভিযোগ, সরকারি ওষুধ বিতরণে অনিয়মের ঘটনা নতুন নয়। তাঁদের দাবি, হাসপাতালে প্রায়ই ওষুধ নেই বলে জানিয়ে দরিদ্র ও প্রান্তিক খামারিদের ফিরিয়ে দেওয়া হয়। পরে সেই সরকারি ওষুধই গোপনে বেশি দামে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।















