আমরা নির্বোধ জাতি (আধুনিক সংস্করণ)
- আপডেট সময় : ০৪:৫৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

মোঃ নুরুজ্জামান
আমরা এক অদ্ভুত আত্মবিস্মৃত জাতি,
নিজেদের প্রদীপ নিভিয়ে, অন্ধকারে খুঁজি আলোর বাতি।
পায়ের তলার সোনার খনি হেলায় মাড়িয়ে যাই,
কাচের টুকরো কুড়াতে গিয়ে, নিজেদেরই গৌরব হারাই।
লাখো শহীদের রক্তে কেনা যে মুক্ত নীল আকাশ,
সেখানে আজো বিষ ছড়ায় চাটুকারদের দাসত্ব-নিশ্বাস!
স্বার্থের লোভে ভাইকে ভুলে, পরকে জড়িয়ে ধরি,
নিজের ঘরে আগুন জ্বেলে, অকাল দেউলিয়া যাপন করি।
জ্ঞানী যেখানে কুঁকড়ে থাকে, মূর্খরা করে চিৎকার,
আর আমরা মূর্খদেরই হাততালি দেই— বাহ্, কী চমৎকার!
ন্যায়ের কথা বলতে গিয়ে গুণীজন আজ লাঞ্ছিত,
মিথ্যার বাজারে ভণ্ডরাই আজ বন্দিত আর পূজিত।
ত্যাগের নামে মেতে উঠি মেকি মোহের সস্তা মোড়কে,
সত্যের কণ্ঠ হারিয়ে যায় মিথ্যার বিশাল হুলস্থুল ঝাঁকে।
অতীত থেকে শিক্ষা নেই না, ভবিষ্যৎও আমাদের ধোঁয়াশা,
নিজের পায়ে কুড়াল মারাই যেন এই জাতির পরম ভরসা।
পরের ইশারায় নাচতে নাচতে হারিয়ে ফেলি নিজের ঘর,
আপনজনকে দূরে ঠেলে, পরকে ভাবি মাথার ওপর বর।
চেতনা আমাদের আইসিইউ-তে, জাগে কেবল স্বার্থের টানে,
জীবনটাকে সস্তা করেছি অতি সস্তা, সস্তা অর্থের গ্লানিতে।
অধিকারের লড়াই ছেড়ে, আমরা স্বেচ্ছায় নিয়েছি দাসত্ব,
চোখ বুজে সব গিলে খাই, খুঁজি না তো চিরন্তন সত্য।
লোভের হাটে জলের দরে বিকিয়ে দেই বিবেক, বুদ্ধি, জ্ঞান,
পরাজয়ের গান গেয়ে ভাবি— বাড়ছে বুঝি আমাদেরই মান!
আশার আলো,তবুও বুকপকেটে আশা জাগে, কাটবে এই অন্ধকারের রাত,কোনো এক ভোরে মুছে যাবে এই যৌথ নির্বুদ্ধিতার আঘাত।ঘুমন্ত এই বিবেক কোনোদিন জেগে উঠবে নতুন কোনো ভোরে,সত্য আর ন্যায়ের নতুন সূর্য ঠিকই হাসবে এই বাংলার ঘরে ঘরে।





















