প্রচণ্ড তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ফ্রি শরবত বিতরণ
- আপডেট সময় : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

মো:তুহিন মন্ডল, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় তীব্র তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশন।
সোমবার দুপুরে পাংশার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে খেটে খাওয়া শ্রমিক, রিকশা-ভ্যানচালক, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। প্রচণ্ড রোদ ও গরমে ক্লান্ত মানুষের হাতে এক গ্লাস ঠান্ডা শরবত তুলে দিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করেন তারা।
সংগঠনের সদস্যরা জানান, চলমান তাপপ্রবাহে বাইরে কর্মরত মানুষের কষ্ট বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক মূল্যবোধ থেকে ভবিষ্যতেও অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
শরবত গ্রহণকারী শ্রমজীবী ও পথচারীরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেছে।
স্থানীয়রা মনে করছেন, সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে তাপদাহে কষ্টে থাকা মানুষেরা উপকৃত হবে।




















