জলঢাকায় ছাত্রশিবিরের ‘অপপ্রচারের’ বিরুদ্ধে ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
- আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩৬৩ বার পড়া হয়েছে

মোঃ নুরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কথিত মিথ্যা অপপ্রচার, গুজব ও কৃত্রিম ‘মব’ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (রোববার) স্থানীয় ছাত্রদলের উদ্যোগে জলঢাকা পৌর শহরে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী অংশ নিয়ে ছাত্রশিবিরের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ঘটনার প্রেক্ষাপট ও মূল সূত্রপাত
অনুসন্ধানে জানা যায়, ঘটনার মূল সূত্রপাত গত ৪ঠা জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মন্তব্য (কমেন্ট) কেন্দ্র করে। ওই মন্তব্যের জেরে স্থানীয় যুবকেরা জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেলের কাছে অভিযোগ জানান। এরপর রুবেল সংশ্লিষ্ট কমেন্টকারী রাজুকে বিষয়টি নিয়ে কথা বলতে ডাকেন। সেখানে কাঁঠালী ইউনিয়ন শিবির সভাপতি নূর নবীও উপস্থিত হন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে স্থানীয় বড় ভাই মিজু বিষয়টিতে মধ্যস্থতা করে তাৎক্ষণিক সমাধান করে দেন।
তবে অভিযোগ উঠেছে, ওই রাতেই শিবিরের কিছু কর্মী একটি অডিও রেকর্ড তৈরি করে এবং তাতে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ও স্থানীয় যুবক জিহাদের ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী’ হিসেবে ঢালাও অপপ্রচার চালায়। পরদিন ৫ই জুন পুনরায় স্থানীয় মিজু ভাই এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবু মিয়া বিষয়টি নিয়ে বসেন এবং দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়। সে সময় শিবিরের পক্ষ থেকে বিকেল ৪টার মধ্যে বিতর্কিত পোস্ট ও অডিও ডিলিট করার প্রতিশ্রুতি দেওয়া হয়। ইউনিয়ন শিবির সভাপতি নিজের আইডি থেকে পোস্ট ডিলিট করে দুঃখ প্রকাশ করলেও, শিবিরের উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও আইডি থেকে ওই অডিও রেকর্ডটি ফেসবুকে লাগাতার প্রচার করা হতে থাকে।
পরিস্থিতি ও পরবর্তী উত্তেজনা
পরবর্তী সময়ে ৬ই জুন বিকেলে কাঁঠালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্কুল মাঠে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে শিবির সভাপতি নূর নবীর পুনরায় দেখা হলে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু এ সময় শিবিরের পক্ষ থেকে কথা বলতে অনীহা প্রকাশ করলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় উপস্থিত লোকজন তাৎক্ষণিক দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেন।
অভিযোগ রয়েছে, এরপর শিবির সভাপতি নূর নবী বিভিন্ন জায়গায় ফোন করে নেতাকর্মীদের জড়ো করতে থাকলে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ সবাইকে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে নিজেরাও জলঢাকার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পরবর্তীতে শিবিরের কর্মীরা স্থানীয় আজহারুল ইসলামের বাসভবনে ভাঙচুর চালায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর জামায়াতের স্থানীয় আমির ঘটনাস্থলে এসে এলাকায় বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য দেন এবং ছাত্রদল নেতৃবৃন্দকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ভবিষ্যতে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। এই ঘটনার জেরে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
ছাত্রদলের পাল্টা বিশাল প্রতিবাদ সভা
ছাত্রশিবিরের এই কর্মকাণ্ডকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট দাবি করে আজ পৌর শহরে পাল্টা এই বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দেয় জাতীয়তাবাদী ছাত্রদল।
জলঢাকা উপজেলা ও পৌর ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু। সমাবেশে আন্দোলন ও সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন:
মনতাসির বিল্লা শিমুল, সদস্য সচিব, জলঢাকা উপজেলা ছাত্রদল
হারুনরশীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল
সোহেল রানা দেওয়ানি, যুগ্ম আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল
ফারহাদ বিন ফাহিম, আহ্বায়ক, জলঢাকা পৌর ছাত্রদল
মেনহাজুল ইসলাম রানা, সদস্য সচিব, জলঢাকা পৌর ছাত্রদল
তিতাস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জলঢাকা পৌর ছাত্রদল
সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক, জলঢাকা পৌর ছাত্রদল
আবু সাইয়েদ শাকিল, সাবেক আহ্বায়ক, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল
নাসির উদ্দিন, সভাপতি, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল
শামস উজ জোহা, সাধারণ সম্পাদক, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল
বক্তাদের হুঁশিয়ারি
সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,
”একটি স্বার্থান্বেষী মহল ছাত্রদলের সুনাম ও মাঠপর্যায়ের বলিষ্ঠ সাংগঠনিক অবস্থান নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার ও নোংরা রাজনীতি করছে। সাধারণ শিক্ষার্থীদের অভ্যন্তরীণ একটি ঝামেলাকে ভিন্ন খাতে মোড় ঘুরিয়ে, কৃত্রিম ‘মব’ তৈরি করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে ছাত্রশিবির। ছাত্রদলের উদীয়মান ও পরিচ্ছন্ন নেতৃবৃন্দের গায়ে মাদকের তকমা লাগিয়ে দেওয়ার এই অপচেষ্টা ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না।”
নেতৃবৃন্দ সাফ জানিয়ে দেন, জলঢাকার শান্ত মাটিতে কোনো ধরনের অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্র বরদাশত করা হবে না। যেকোনো ধরনের উসকানি ও মব সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
রাজপথ কাঁপানো প্রতিবাদ মিছিল
বিক্ষোভ সমাবেশ শেষে পৌর শহরে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জলঢাকা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এবং অপপ্রচারের বিরুদ্ধে ও সাংগঠনিক ঐক্যের পক্ষে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
























