রাজবাড়ীতে পাটক্ষেত থেকে নিখোঁজ কলেজছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

মো. তুহিন মন্ডল, রাজবাড়ী
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া এলাকায় একটি পাটক্ষেত থেকে নিখোঁজ কলেজছাত্র আসাদুল ইসলামের (২৫) দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পরিচয় গোপনের চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সূর্যদিয়া মাদরাসা সংলগ্ন একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আসাদুল ইসলাম কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম দাবি করেছেন, আসাদুল ইসলাম সংগঠনটির একজন সক্রিয় কর্মী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি আসাদুল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত ১০টার দিকে বিষয়টি কালুখালী থানাকে অবহিত করা হয়।
সোমবার সকালে স্থানীয়রা সূর্যদিয়া এলাকার একটি পাটক্ষেতে দগ্ধ অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আসাদুল ইসলামের বলে শনাক্ত করেন।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার জানান, “পাটক্ষেত থেকে আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
নৃশংস এ হত্যাকাণ্ডে নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।





















