জলঢাকায় তীব্র দাবদাহ ও বিদ্যুতের সংকট হাঁসফাঁস জনজীবন, দিশেহারা খেটে খাওয়া মানুষ
- আপডেট সময় : ০১:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

মোঃ নুরুজ্জামান নীলফামারী
নীলফামারীর জলঢাকায় প্রখর রোদ আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সার্বিক জনজীবন। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়তে থাকায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও কৃষি শ্রমিকেরা। জীবিকার তাগিদে প্রসংগহীন উত্তাপের মধ্যেও কাজের তাগিদ থাকলেও শারীরিক ক্লান্তি ও অসুস্থতার ঝুঁকিতে দুপুরের আগেই কাজ থামিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। ফলে দৈনন্দিন আয় কমে যাওয়ায় প্রান্তিক পরিবারগুলোতে শুরু হয়েছে নিরব হাহাকার।উত্তপ্ত প্রকৃতির পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ বিভাগের ঘন ঘন লোডশেডিং পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে। দিন ও রাতে সমানতালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাসাবাড়িতে টেকা দায় হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে কোমলমতি শিশু ও বয়োবৃদ্ধদের স্বাভাবিক জীবনযাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।আবহাওয়া অধিদপ্তরের মতে, বর্তমানে এই অঞ্চলে জলবায়ু ও মৌসুমি বাতাসের প্রভাবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, যার ফলে স্বাভাবিক তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে। আগামী কিছুদিন এই পরিস্থিতির বড় কোনো ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা কম বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।অন্যদিকে, স্থানীয় বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, তীব্র গরমে একযোগে বিদ্যুতের ব্যবহার ও চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত সরবরাহের সাথে চাহিদার সামঞ্জস্য রাখা সম্ভব হচ্ছে না। সাময়িক এই লোডশেডিংয়ের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।




















